বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই সাথে কৃতি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদেরও সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘জিপিএ-৫ অর্জন জীবনের শেষ সাফল্য নয়, বরং এটি ভবিষ্যতের বড় সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।’’ এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, ‘‘শুধু ভালো ফলাফল অর্জন করলেই শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মায়ের ত্যাগকে স্মরণ করে তাঁদের স্বপ্ন পূরণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে।’’
অনুষ্ঠানে বক্তারা বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের শিক্ষা ও কর্মজীবনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, নির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও সততার মাধ্যমে দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে বাউফলের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে।
বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী ছাত্রশিবিরের সাবেক আইন ও দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, ডাকসুর মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মু. শরফুদ্দিন, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব ও সাবেক সভাপতি আতিক নজরুল।
আয়োজিত এই অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।







