দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দাবি করে তা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় উপজেলার মানিক মিয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন— উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাচ নাঈন আহম্মেদ হাসান, দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কিবরিয়া করিম, রনগোপালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বশার আহম্মেদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
তারা আরও দাবি করেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে ভুল করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি গণমাধ্যমকর্মীদের স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, রাজনৈতিক কোনো লোকজন তার ওপর হামলা চালায়নি। অথচ পরবর্তীতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ার পর তার সেই বক্তব্যে পরিবর্তন আনা হয়েছে, যা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।







