দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সফররত বহরের সঙ্গে চলাচলের সময় এক সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর গাড়িবহরে থাকা একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আরও ২-৩টি মোটরসাইকেল পরপর নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনাকবলিত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন—বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, নেতাকর্মী সবুজ, হেলাল ও রাকিব।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহত মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।







