পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ আলম উপজেলার ঐতিহ্যবাহী সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের (স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/৩১০, তারিখ: ০১/০৯/২০২৬) মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রকৌশলী মো. ফিরোজ আলম বাউফলের মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের মো. মহিউদ্দিন মাতব্বরের সুযোগ্য পুত্র। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মো. ফিরোজ আলম সভাপতি মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNSR)-র সভাপতি মো. আনিসুর রহমান আনিস।
এক অভিনন্দন বার্তায় BNSR সভাপতি বলেন, ‘‘মো. ফিরোজ আলম কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, দূরদর্শী ও প্রজ্ঞাবান একজন মানুষ। একজন সফল প্রকৌশলী হিসেবে তিনি যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তেমনি তাঁর উন্নয়নমুখী ভাবনা ও জ্ঞানদীপ্ত নেতৃত্ব সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়কে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।’’







