গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোঃ আসাদুজ্জামান রুবেলকে (৩৯) গ্রেফতার করা হয়। একই রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেই পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল হাওলাদারকে (৫০) আটক করে পুলিশ।
এছাড়া, উপজেলার পানপট্টি ইউনিয়নে পরিচালিত পৃথক দুটি অভিযানে ৩ জন গ্রেফতার হয়েছেন। ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় সেনের হাওলা এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাসকে (২৮) গ্রেফতার করা হয়। একই দিন রাতে কোকাইতবক এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ মোঃ মামুন হাওলাদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।







