কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে সিটি ব্যাংকের নতুন একটি এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করার লক্ষ্যে এ উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় পাখিমারা বাজারস্থ ওই আউটলেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং জনাব মো. মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট জনাব চন্দন কুমার নাগ, কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ট্রানজেকশন মনিটরিং ইউনিটের ইউনিট হেড জনাব মোর্শেদ আবেদীন, বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার জনাব আব্দুল মোতালেব এবং রিলেশনশিপ অফিসার মো. মশিউর রহমান।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক মিরাজসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে পাখিমারা বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব ইমরান হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মহিবুর রহমান বলেন, ‘‘সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুধু গ্রামীণ জনগণের আমানত সংগ্রহেই সীমাবদ্ধ নয়; বরং ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’’ তিনি জানান, গ্রামীণ অঞ্চল থেকে সংগৃহীত আমানতের প্রায় তিন গুণ অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
সমাবেশে উপস্থিত গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ গ্রহণের সঠিক পদ্ধতি এবং ডিজিটাল লেনদেন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রেমিট্যান্স লোন, ব্যবসায়ী লোন এবং চাকরিজীবীদের জন্য সহজ শর্তে পার্সোনাল লোন প্রদান করা হচ্ছে।
গ্রামীণ জনপদে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে চালু করা হয়েছে ‘বাংলা কিউআর (Bangla QR)’ সেবা। পাশাপাশি নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিং সম্পর্কে সচেতন করে তুলতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।







