গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুহাম্মদ আল মামুন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন—শিক্ষক সদস্য মো. সুজন, অভিভাবক সদস্য মো. ইসমাইল খান এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের আলো ছড়িয়ে আসছে। প্রতিবছর এখান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় সাফল্য অর্জন করে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। তবে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে আরও কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
নবপরিচালিত কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন তার প্রতিক্রিয়ায় বলেন, “চরকাজল মাধ্যমিক বিদ্যালয়টি এই অঞ্চলের মানুষের কাছে এক ঐতিহ্যের নাম। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে একসাথে কাজ করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।”
এদিকে মুহাম্মদ আল মামুন সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তার গতিশীল নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার মান বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।







