দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল সম্পন্ন হওয়ার পর সমুদ্রসৈকতের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এই কর্মসূচি পালিত হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা সৈকতে কার্নিভাল ও পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন।
আয়োজকরা জানান, পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। উৎসব পরবর্তী সময়ে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ এবং সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অভিযান শেষে মো. আমানউল্লাহ আমান বলেন, “কুয়াকাটা কেবল একটি পর্যটনকেন্দ্রই নয়, এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পর্যটকেরা যেন সর্বদা একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ।”
এই কর্মসূচিকে এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, এখন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতি সপ্তাহে অন্তত এক দিন সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।
একই সঙ্গে পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আমানউল্লাহ আমান। পাশাপাশি সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।







