দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. আবুল বাশার-এর সভাপতিত্বে এবং অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার-এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণা টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি।’’
তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলস কাজ করছে এবং সেটির অংশ হিসেবেই এই সেমিনারের আয়োজন।
বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, সরকার তরুণদের মেধা শানিত ও বৈশ্বিক মানের করতে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন ও বৃত্তির সুযোগ সম্প্রসারণ করছে। আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে দেশীয় মেধার সমন্বয় ঘটানোর জন্য যুক্তরাষ্ট্র অন্যতম সেরা গন্তব্য।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণা ও আবেদন প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কোনো প্রতারক এজেন্সির খপ্পরে না পড়ে সঠিক ও যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন। সেমিনারে বিভিন্ন অনুষদের প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বপরিমণ্ডলে পবিপ্রবি শিক্ষার্থীদের সুযোগ অবারিত করতে বর্তমান উপাচার্য যোগদানের পর গত ৩ মাসে জার্মানি, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মোট ৩টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।







