গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে দোকানে বাকি সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রীও।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামের কপালবেড়া বাজার এলাকার একটি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কপালবেড়া গ্রামের বাদশা খার ছেলে মো. দুলাল খা (৫২), স্থানীয় চা দোকানদার ও মৃত কাঞ্চন আলী খার ছেলে ফিরোজ খা এবং ইউপি সদস্যের স্ত্রী হেনা বেগম। আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফিরোজ খার চা দোকানে গিয়ে একই গ্রামের রতন আলী খার ছেলে রুবেল খা, মোতালেব খার দুই ছেলে মকবুল খা ও ফেরদৌস খা এবং ইউনুস খার ছেলে ইমন খা বাকিতে সিগারেট চান। ফিরোজ খা বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। তার ডাক-চিৎকারে পার্শ্ববর্তী ইউপি সদস্য দুলাল খা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও বেধড়ক পেটায়। খবর পেয়ে ইউপি সদস্যের স্ত্রী হেনা বেগম স্বামীকে রক্ষা করতে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ব্যবসায়ী ফিরোজ খা ও হেনা বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। তারা এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. নোমান পারভেজ জানান, আহতরা দ্বিতীয় তলার ১০ ও ১১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। ইউপি সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কালশিটে দাগ রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রুবেল খা ও মকবুল খার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







