দুমকি প্রতিনিধি : কৃষকদের সমস্যা সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে দ্রুতই একটি ‘ওয়ানস্টপ সার্ভিস’ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সম্প্রতি পবিপ্রবির উদ্যোগে আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. হেমায়েত জাহান বলেন, ‘‘কৃষকরাই দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের কৃষকবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’’
তিনি আরও জানান, মাঠে কৃষি কাজ করতে গিয়ে কৃষকরা মাটি পরীক্ষা, বীজ নির্বাচন, সার ও কীটনাশকের সঠিক মাত্রা নির্ধারণ এবং অর্গানিক সারের ব্যবহার সংক্রান্ত যেসব সমস্যার সম্মুখীন হন—সেগুলো দূর করতে এ সেবাকেন্দ্রটি কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকরা সরাসরি কৃষকদের এসব বিষয়ে সব ধরনের পরামর্শ প্রদান করবেন, যেন প্রান্তিক কৃষকরা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সুবিধা পেতে পারেন।
সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৬০ জন কৃষককে আধুনিক কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ১০টি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাসুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভিসি’র একান্ত সচিব মো: আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপ-পরিচালক মো: মাহফুজুর রহমান।







