পটুয়াখালীর শিক্ষিত ও বেকার তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে তিন মাসব্যাপী ‘স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প’–এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের মিঠাপুকুর পাড়স্থ ‘ড্রাইভ টু ট্রাফিক আইটি ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড গ্রোথ সলিউশন’-এর কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা সবুজ তালুকদার এবং ড্রাইভ টু ট্রাফিক আইটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তক চ্যাটার্জী।
প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার বলেন, ‘‘বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে ডিজিটাল দক্ষতার বিকল্প নেই। আমাদের মূল লক্ষ্য তরুণ সমাজকে উপযুক্ত প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।’’
প্রকল্প আয়োজকরা জানান, এই উদ্যোগের আওতায় জেলার ১০০ জন বাছাইকৃত তরুণ-তরুণীকে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর তিন মাসের নিবিড় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা যাতে দেশীয় কর্মবাজারের পাশাপাশি গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফল ক্যারিয়ার গড়তে পারেন, সে লক্ষ্যে নিয়মিত গাইডলাইন ও মেন্টরশিপ দেওয়া হবে।
তিন মাসব্যাপী এই প্রযুক্তি প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান ও ভবিষ্যৎ বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।







