বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহ-সভাপতি সমীর বণিক (৩৭) গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে তার মোবাইল বন্ধ পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। প্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান পটুয়াখালী বা ঢাকা নয়, বরং সীমান্তঘেঁষা জেলা সাতক্ষীরায় শনাক্ত হওয়ায় ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের ধোঁয়াশা।
পরিবার ও বাউফল থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’-এর একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বগা বন্দর ও লঞ্চঘাট এলাকার এই শীর্ষ মুদি ব্যবসায়ী।
সমীর বণিকের ভাই সঞ্জিব বণিক জানান, যাত্রার রাতে (১৯ সেপ্টেম্বর) ২টার দিকে তার বোন পূজার মোবাইলে ‘‘কিরে ঘুমাইছো?’’ লিখে একটি বার্তা পাঠান সমীর। পরদিন ২০ সেপ্টেম্বর বিকালেও বোনের সঙ্গে কথা বলেন এবং তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান। তবে ওই ফোনালাপের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি পুরোপুরি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের পেছনে রহস্যময় একাধিক তথ্য সামনে এসেছে। সমীরের দোকান কর্মচারী কামরুল ইসলাম জানান, বাসে ওঠার ঠিক আগমুহূর্তে ফোনে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে কথা বলেন সমীর বণিক। ফোনে তাকে বলতে শোনা যায়, ‘‘আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।’’ ওই অচেনা ব্যক্তিটি কে এবং কেন তার সঙ্গে সমীর দেখা করতে যাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্বজনরা।
অন্যান্য তথ্যের মধ্যে উঠে এসেছে বিপুল অঙ্কের টাকার হিসাব। সঞ্জিব বণিক দাবি করেন, ঢাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত পণ্য কেনাকাটা করতেন সমীর। ওই প্রতিষ্ঠানের কাছে তার প্রায় ৫ কোটি টাকা অগ্রিম জমা রয়েছে। ব্যবসায়িক টাকা নাকি অন্য কোনো ষড়যন্তের কারণে তিনি নিখোঁজ হলেন, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।
একদিকে বগা বন্দর এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অন্যদিকে ধর্মীয় উপাসনালয়ের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা সমীর বণিক এতদিন ধরে নিখোঁজ থাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘‘১৩ দিন ধরে একজন দায়িত্বশীল ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের সংগঠক নিখোঁজ থাকা সত্ত্বেও কোনো সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগের। আমরা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ব্যবসায়ী সমীর বণিককে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তের পাশাপাশি দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।’’







