মির্জাগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনের অংশ হিসেবে সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্নেহাংশু সরকার কুট্টি।
সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সদস্য মোবারক আলী মুন্সি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ বজায় রেখে উদযাপিত শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া উপজেলার অন্যান্য পূজামণ্ডপগুলোতেও সার্বিক সার্বজনীন উৎসবের আমেজ দেখা গেছে।







