বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও জীবনের সঞ্চিত অর্থ হারিয়ে নিঃস্ব হওয়া মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে দাশপাড়া ইউনিয়নের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রের পাশাপাশি দুটি গরু, ছয়টি ছাগল ও বেশ কিছু হাঁস-মুরগি পুড়ে ছাই হয়। এ ছাড়া ঘরে গচ্ছিত রাখা নিজের ও বোনের বিয়ের জন্য গত ১০–১২ বছরে জমানো নগদ প্রায় ৭ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন আক্ষেপ করে বলেন, ‘‘কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতাম। গত ১০–১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে নিজের ও ছোট বোনের বিয়ের জন্য প্রায় সাত লাখ টাকা জমিয়ে ঘরে রেখেছিলাম। কিন্তু এক আগুনেই আমার দীর্ঘদিনের সব শ্রম ও সঞ্চয় শেষ হয়ে গেল।’’
আর্থিক সহায়তা হস্তান্তরকালে পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘‘ব্যবসা ও উপার্জনের একটি অংশ সাধারণ মানুষ, সমাজ ও ধর্মের কাজে ব্যয় করার নির্দেশনা রয়েছে। মানবিক ও নৈতিক সেই দায়িত্ববোধ থেকেই আমি এই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছি।’’
তিনি আরও যোগ করেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর বার্তা পৌঁছে দিতে এবং ব্যক্তিগত মানবিক দায়বদ্ধতা থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান সবাইকে এই নিঃস্ব পরিবারটির সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’’







