রাঙ্গাবালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর (ভেকু মেশিন) দিয়ে চরের মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাইনবোর্ড চর ও কাউখালী চরে পৃথক অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে সাইনবোর্ড চর ও কাউখালী চরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীকালে প্রচলিত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি খাস জমির সুরক্ষায় অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







