দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার পাঁচখালী চরে জমি দখল ও রেকর্ডীয় মালিকদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার পূজাখোলা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. জিয়া তালুকদার।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২২ অক্টোবর পাঁচখালী চরে রেকর্ডীয় মালিকরা জমি চাষাবাদ করতে গেলে স্থানীয় মনির চৌকিদার ও তার সহযোগীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৃষক ও জমি মালিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় মোস্তফা খলিফা ও আউয়াল ফকিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৩ অক্টোবর ১১ জনকে আসামি করে দশমিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে চিহ্নিত হামলাকারী ও ভূমিদস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. মনির চৌকিদার বলেন, ‘‘আমরা কাউকে মারধর বা হামলা করিনি। আমাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ‘‘হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাকুর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’







