পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে দুটি ডাবল ডেকোর বাস চালুর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিআরটিসির সাথে পবিপ্রবি কর্তৃপক্ষের এই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির পক্ষে স্বাক্ষর করেন বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।
চুক্তির শর্তানুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হতে যাচ্ছে বিআরটিসির দুটি ডাবল ডেকোর বাস। বাস দুটি নিয়মিত চলাচল শুরু করলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং বিআরটিসির সহকারী পরিবহন কর্মকর্তা মো. মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর বরিশাল-পবিপ্রবি রুটে ডাবল ডেকোর বাস চলাচলের উপযোগিতা যাচাইয়ের জন্য বিআরটিসির বরিশাল ডিপো থেকে পরীক্ষামূলকভাবে একটি বাস ক্যাম্পাসে আনা হয়। সে সময়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যাতায়াতের জন্য বিআরটিসির সাথে চুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে গৃহীত এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, বাস দুটি চালু হলে পবিপ্রবির যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি দূর হবে।







