দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর নামে খাসজমি বন্দোবস্ত প্রদান, কথিত ভূয়া বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। উত্তর চর-শাহজালাল মৌজায় বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জমি ভোগদখল করে আসা প্রকৃত ভূমিহীনদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে অবিলম্বে তাদের নামে খাসজমি বন্দোবস্ত দিতে হবে। একই সঙ্গে ভূমিহীনদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করে প্রভাবশালী চক্রের নামে করা সব ভূয়া ও বেআইনি বন্দোবস্ত বাতিলসহ জালিয়াতির সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
ভূমিহীন নেতা বারেক সরদারের সভাপতিত্বে ও স্থানীয় নেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মো. বদরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কৃষাণী সভার কেন্দ্রীয় কমিটির নেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় যৌথ সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হালদার, পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদ, স্থানীয় প্রতিনিধি নয়ামিয়া সিকদার, মাওলানা শহিদুল ইসলাম, ভূমিহীন নেতা সোহরাব হোসেন, সোহরাব বয়াতি, শহিদুল হোসেন, রেজাউল করিম, জহিরুল খা ও কুলসুম বেগমসহ আরও অনেকে।
এ সময় কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩৪ বছর ধরে বসবাস করেও স্থায়ী ঠিকানা ও জমির অধিকার না পাওয়া ভূমিহীন পরিবারগুলোর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট। প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।’’







