কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাগোনারী’ ও ‘এসকেএস ফাউন্ডেশনের’ উদ্যোগে এবং ‘কেয়ার বাংলাদেশ’-এর সহযোগিতায় এ উপকরণ বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোক্তাদির আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, ‘প্রদীপ্ত’ প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলম এবং কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার সাবা শবনম।
অনুষ্ঠানে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১২০টি ট্রলারে নিরাপত্তা সামগ্রী হিসেবে ৫টি করে লাইফ জ্যাকেট, ৫টি বয়া, ৫টি বাঁশি এবং ১টি করে টর্চলাইট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘‘ঝড়, জলোচ্ছ্বাস ও জলদস্যুর হামলা থেকে জেলেদের জীবন রক্ষায় প্রতিটি সমুদ্রগামী ট্রলারে এই সুরক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এর ফলে যেকোনো দুর্যোগে জেলেদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমে আসবে।’’







