দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উত্তরাধীকারী, রেকর্ডীয় ও বন্দোবস্ত কৃষকদের জমি ডিজিটাল জরিপের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভূমি জবরদখলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় দশমিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেন ভুক্তভোগী পরিবার। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ এলাকায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল, দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন মোল্লা, ভুক্তভোগী মো. হেমায়েত গাজী ও মো. জায়েদ সিকদার প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করে বক্তরা বলেন, উপজেলার রনগোপালদী ইউনিয়নের লোলাইশিং এর চর-ত্রৈলোক্য মৌজার সরকার বিভিন্ন সময়ে দলিল করা হয় এবং তারা দখলেও রয়েছে। কিন্তু মো. জিয়া তালুকদার সহ কিছু দালাল জমির ভূয়া কাগজপত্র তৈরি করেন। প্রকৃতপক্ষে এসব জমির মালিকরা ভোগদখল থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জানতে অভিযু্ক্ত মো. জিয়া তালুকদারের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা হবে।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা বলেন, স্মারক লিপি পেয়ে রনগোপালদী ইউনিয়ন ভুমি সহকারীকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।







