কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এক জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির তবল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
মৎস্যজীবীরা জানান, ‘এফবি সালমা করিম’ নামের একটি মাছ ধরার ট্রলারে গভীর সমুদ্রে জাল ফেললে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আঁখি ফিশ ও তহুরা ফিশ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি প্রায় ৩৬ হাজার টাকায় কিনে নেন। সেই হিসাবে মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৬৬৬ টাকা।
স্থানীয়ভাবে এই মাছটি ‘ট্রেভ্যালি’ নামে পরিচিত হলেও কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও বেশ পরিচিত। মাছটি অত্যন্ত সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় সাধারণ ভোক্তাদের কাছে এর আলাদা চাহিদা রয়েছে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘‘তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এ প্রজাতির বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যও একটি ইতিবাচক দিক।’’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলের জালে ধরা পড়া এই মাছটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক প্রজাতি। এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর যথেষ্ট অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের বড় মাছ আরও বেশি ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে আরও বেশি লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







