মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি। সম্প্রতি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ১২ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা। শিক্ষায় অবদানের পাশাপাশি এলাকায় একজন সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবেও তাঁর সুনাম রয়েছে। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও ‘শেফা ফ্যাশন’-এর স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মাদ নাসির উদ্দিনের সহধর্মিণী।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন— মোঃ রুহুল আমীন, মোঃ আঃ বারী, মোঃ শাহজাহান, মোঃ হুমায়ুন কবির মোল্লা, জাকির হোসেন, আল আমিন, নিখিল চন্দ্র ঘরামী, জাকিয়া আক্তার, জাকিয়া সুলতানা ও নাহিদ আক্তার খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর শান্তা মনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমাকে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব দেওয়ায় উপজেলা প্রশাসন, কমিটির সদস্য, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত মেয়াদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার প্রধান লক্ষ্য হবে শিক্ষার গুণগত মান উন্নত করা। ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মা সমাবেশসহ নানা পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়টিকে উপজেলার একটি শ্রেষ্ঠ ও মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।’’
শান্তা মনি পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এবং গতিশীল একটি কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।







