কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিং মুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরশহরের মনোহরীপট্টিতে ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন এবং ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য স্থানীয় মানুষ তাদের পৈত্রিক ভিটেমাটি ছেড়ে দিলেও এখনও শতভাগ ক্ষতিপূরণ পাননি। অথচ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতির পরিবর্তে প্রতিদিন ক্ষণে ক্ষণে লোডশেডিংয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
তারা অবিলম্বে অযৌক্তিক ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া আদায় বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।







