বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল মৃধা (২২) ও মো. রুবেল হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটকাজল গ্রামে অভিযান চালানো হয়। বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাকা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার সময় মো. ফয়সাল মৃধা (পিতা: মো. রফিক মৃধা) এবং মো. রুবেল হোসেনকে (পিতা: মো. ইউনুছ মৃধা) ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৫, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’’







