দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় জামাল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যৌথা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়ার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত জামাল হোসেন ওই গ্রামের মৃত রব হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল হোসেন দীর্ঘদিন ধরে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।
পরবর্তীতে স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা তৎক্ষণাৎ তাকে নিচে নামিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিতে থাকেন।
বিষয়টি গোপন রেখে দাফনের চেষ্টার খবর পেয়ে রোববার সকালে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সুমন হাওলাদার বলেন, ‘‘জামাল হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আমাদের ধারণা, দীর্ঘদিনের সেই কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’’
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ‘‘জামাল হোসেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন ঠিকই, তবে গলায় ফাঁস দেওয়ার বিষয়টি প্রথমে পরিবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশের সন্দেহ হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’







