দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় বসতবাড়িতে চাষ করা একটি গাঁজার গাছসহ মো. বাবলু সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলু সরদার ওই গ্রামের মৃত মো. আফসের সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন হাওলাদার ও নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাবলু সরদারের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে চাষ করা অবস্থায় প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু সরদারকে গ্রেপ্তার ও তার চাষ করা গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।’’ মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।







