দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (IQAC)-এর উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ আগস্ট ‘‘Developing the Mindset for Successful ’’ (একটি সফল জীবনের জন্য মানসিকতা তৈরি করা) শীর্ষক এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।’’
মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের জীবনে দুই ধরনের মাইন্ডসেট দেখা যায়—ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট মানুষকে একটি গণ্ডির মধ্যে আটকে রাখে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে যে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। পবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীকে এই গ্রোথ মাইন্ডসেট নিজের মধ্যে ধারণ করতে হবে।’’
শিক্ষার্থীদের প্রতি দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে লাইব্রেরি ব্যবহার, গবেষণায় মনোযোগ এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের নির্দেশ দেন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক দক্ষতার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের মতো সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এগুলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে ক্যারিয়ারে সফল হতে দারুণ ভূমিকা রাখবে।
সেমিনারে আইকিউএসি (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ওসানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন মো. আব্দুর রহিম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







