তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি (TGTDCL)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) পদ থেকে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (GM) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃতী সন্তান মোঃ নূর হোসেন খান। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে সততা, দক্ষতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে উন্নীত করা হয়েছে।
১৯৯৫ সালে তিতাস গ্যাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন মোঃ নূর হোসেন খান। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মোঃ জালাল উদ্দিন খানের জ্যেষ্ঠ পুত্র। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বর্তমানে তিনি পরিবারসহ ঢাকার মিরপুর রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছেন। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। সম্প্রতি তাঁর একমাত্র পুত্র ব্যারিস্টার-অ্যাট-ল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের জন্য আরেকটি গৌরবময় অর্জন এনে দিয়েছেন।
শিক্ষা জীবনে তিনি লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ব্যাচেলর অব ল (এলএল.বি.) ডিগ্রিও লাভ করেন।
তাঁর এই পদোন্নতির খবরে এলাকা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠা তাঁর এই সাফল্য পটুয়াখালী জেলার জন্য এক বড় গৌরব এবং তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।







