পটুয়াখালীর লাউকাঠী নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত সেতু নির্মাণের প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সেতুটির সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিট) মোঃ এবাদত আলী সেতুটির সম্ভাব্যতা যাচাই শেষে সাংবাদিকদের জানান, ‘‘সেতুটি নির্মিত হলে পটুয়াখালীবাসী তথা লাউকাঠি ইউনিয়নবাসীর আর্থসামাজিক উন্নয়নে এক বিশাল পরিবর্তন আসবে।’’
সেতুটির গুরুত্ব তুলে ধরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, ‘‘লাউকাঠি নদীর ওপর সেতুটি নির্মাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে প্রমাণিত হয়েছে যে সেতুটি নির্মিত হলে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার মারাত্মক ইতিবাচক পরিবর্তন ঘটবে। সেই লক্ষ্যেই আজকের এই পরিদর্শন ও উদ্যোগ।’’
প্রকৌশলগত চ্যালেঞ্জ ও এর সমাধানের বিষয়ে তিনি জানান, ‘‘লাউকাঠি একটি দ্বিতীয় শ্রেণির নদী হওয়ায় সেতুটি বেশ উঁচুতে এবং প্রশস্ত স্প্যানে নির্মাণ করতে হবে। নদীটিকে সম্পূর্ণ মুক্ত রাখতে দুই পাড়ে পিলার স্থাপন করে মাঝখানে দীর্ঘ দূরত্ব রাখার পরিকল্পনা রয়েছে। লেবুখালী সেতুর মতো এখানেও চাইনিজ এক্সপার্টদের (চীনা বিশেষজ্ঞ) সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নকশা প্রণয়ন করা হবে।’’
শুধু যোগাযোগের মাধ্যম নয়, সেতুটিকে ঘিরে একটি আকর্ষণীয় পর্যটন এলাকা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, ‘‘মানুষ যেন চলাচলের পাশাপাশি অবসর সময়ে মনোরম পরিবেশ উপভোগ করতে এখানে ঘুরতে আসতে পারেন, সে বিষয়টিও নকশায় গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
চীনা প্রতিনিধিদলের দ্রুত নকশা প্রণয়ন এবং বাংলাদেশ ও চীন সরকারের মধ্যকার সমঝোতা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে খুব শীঘ্রই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানান তিনি।
সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শনকালে চীনা বিশেষজ্ঞ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- CSCEC-এর ডিজাইন টিম লিডার Mr. Jeng, টেকনিক্যাল চিফ Mr. Chao এবং টেকনিক্যাল অ্যাডভাইজর Mr. Hayder।
এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়ালিয়ার রহমান, সদর উপজেলা প্রকৌশলী মোঃ খায়রুল বাশার, লাউকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চু, লাউকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান ফকির প্রমুখ।







