কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া রোধ এবং নারী শিক্ষার প্রসারে এক সচেতনতামূলক সভা ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাল্যবিয়েকে আনুষ্ঠানিকভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে এ সামাজিক ব্যাধিকে না বলার শপথ নেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আভাস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়ার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ও জ্যেষ্ঠ সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। বক্তারা প্রান্তিক এলাকায় বাল্যবিয়ে রোধে সমন্বিত উদ্যোগ ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উপজেলা প্রশাসনের সহায়তায় ও সুশীল সমাজের অংশগ্রহণে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী শিক্ষা বৃদ্ধি এবং বাল্যবিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
সভায় বাল্য বিবাহ বিরোধী প্রচারনা হিসেবে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। এছাড়া পাঁচজন মেয়ে শিশুকে পাঁচটি বাই সাইকেল, ১০ জন মেয়ে শিশুকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি এবং ১৫ মেয়ে শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধণমূলক সহায়তা প্রদান করা হয়েছে।







