দুমকি প্রতিনিধি : মাদককে না বলুন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখুন—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মাদক নিরোধে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে দুমকি সরকারি জনতা কলেজ মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দুমকি উপজেলা ফুটবল দল বনাম বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় দুমকি উপজেলা ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলাটির শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোড. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এস এম নঈম জাহান, দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন এবং দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার ক্রীড়ামোদী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। মাদকবিরোধী এমন ব্যতিক্রমী উদ্যোগ ও জমকালো আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রশংসার সৃষ্টি করেছে।







