মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বিকেলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন— রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)।
আহত শ্রমিকদের সূত্রে জানা যায়, জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন ‘পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের’ সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন শ্রমিকরা।
দুপুর ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন। তবে তারা বিচ্ছিন্নভাবে বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালান। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ধানখালী ইউনিয়ন যুবদল সভাপতি তপন মৃধা দাবি করেন, ঘটনার সময় সেখানে প্রশাসনের লোকজন উপস্থিত ছিল। প্রশাসন যদি প্রমাণ করতে পারে যে তিনি এই মারধরের সঙ্গে জড়িত, তবে তিনি অপরাধ স্বীকার করবেন। মারধরের ঘটনা ঘটার পর তিনি কেবল সংবাদ শুনে সেখানে গিয়েছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







