দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এ সদস্য হিসেবে তিন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি।
মনোনীত শিক্ষাবিদগণ হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৪) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁদের এই মনোনয়ন দেওয়া হয়েছে। পবিপ্রবির গত ২৯ জুন ২০২৬ তারিখের পবিপ্রবি/প্রশা-৪৭৬/র-০৫/০৭/৯৮১ নম্বর পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনীত ৩ শিক্ষাবিদ আগামী ৩ বছরের জন্য পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক অগ্রযাত্রায় তাঁদের এই অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







