দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য এবং দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়া আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থাকার পর গতকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম উপাচার্যের প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় পবিপ্রবি উপাচার্য বলেন, ‘‘দেশবরেণ্য শিক্ষাবিদ ড. আবদুল হান্নান ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত, বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দক্ষিণাঞ্চলের এই নবীন বিদ্যাপীঠকে দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমেরিকান কোর্স কারিকুলামের আদলে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন।’’
তিনি আরও উল্লেখ করেন, অধ্যাপক হান্নান ভূঁইয়ার মজবুত ভিত্তির ওপর ভর করেই পবিপ্রবি আজ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের চিরবিদায় পবিপ্রবি পরিবারকে গভীরভাবে ব্যথিত করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।







