মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটিকে ‘অযোগ্য ও বিতর্কিত’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তৃণমূলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সুবিধখালী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে আন্দোলনকারীরা একটি বিশাল ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে অভিযোগ তোলা হয় যে, সদ্য ঘোষিত এই কমিটিতে রাজপথের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে মাদক কারবারি, চাকরিজীবী ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে পদবঞ্চিত যুবদল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলের ত্যাগী ও বিগত দিনে রাজনৈতিকভাবে নির্যাতিত নেতাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতে যারা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন, হামলা-মামলার শিকার ও কারাবরণ করেছেন, তাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। উল্টো সুবিধাবাদী ও অযোগ্যদের পদায়ন করে দলকে দুর্বল করার চক্রান্ত চলছে।
সমাবেশ থেকে নেতারা অবিলম্বে এই বিতর্কিত ৭ সদস্যের কমিটি বাতিল করে ত্যাগী, সৎ ও পরীক্ষিত কর্মীদের সমন্বয়ে পুনরায় নতুন কমিটি গঠনের জন্য যুবদলের কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতৃত্বের প্রতি জোর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কমিটি বাতিল না করা হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।







