দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীদের দিয়ে যুবদলের নতুন কমিটি গঠনের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় উপজেলার নতুন বাজারস্থ জমজম রেস্টুরেন্টে পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে দুমকি উপজেলা যুবদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে দলীয় গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। বিগত দিনের রাজপথের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের কর্মীদের অবমূল্যায়ন করে নিষ্ক্রিয়, অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ জাকির হোসেন মিলনকে। তিনি দীর্ঘ ১৬ বছরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেননি এবং দুমকি উপজেলার আওয়ামী লীগের সাবেক নেতাদের নিয়মিত মোটরসাইকেল চালক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ মিজানুর রহমান লাল মিয়াকে। তিনি জাতীয় পার্টির একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী ছিলেন এবং আওয়ামী লীগ জোট সরকারের সাবেক সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ জাহিদুল ইসলাম রুবেলকে। তার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে তিনি বাংলাদেশের বাহিরে অবস্থান করেন। দেশে ফিরে তিনি ভাতের হোটেলের ব্যবসা শুরু করেন। টাকার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতারা জানান, ২৬ আগস্ট কমিটি ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে তারা ধাপে ধাপে প্রতিবাদ জানিয়ে আসছেন। বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে গঠিত এই প্রহসনের কমিটি অবিলম্বে বাতিল করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।







