দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ অডিটরিয়ামে একাংশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা ধারণ করে বিএনপি আজও দেশের মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ঐক্য আরও সুদৃঢ় করে আগামী দিনের প্রতিটি কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, প্রফেসর দেলোয়ার হোসেন, স্থানীয় মহিলা নেত্রীবৃন্দ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
আলোচনা পর্ব শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের খবর পাওয়া গেছে।
