দশমিনা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তারা নিজেদের বিএনপির কর্মী বা সমর্থক বলে দাবি করতে পারেন না বলে জানিয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দশমিনা উপজেলা বিএনপির নলখোলা কার্যালয়ে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুনের সমর্থক নেতাদের পূর্ববর্তী একটি সংবাদ সম্মেলনের প্রতিবাদের প্রেক্ষাপটে এ সভার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ শাহ আলম শানু। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আপনারা ব্যক্তিবন্দনার রাজনীতি করেন, আর আমরা দল ও তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করি। সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশনায় আমরা গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে সমর্থন দিয়ে নির্বাচনে বিজয়ী করেছি।”
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করে বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে বিরোধী পক্ষ বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং চর দখলের মতো বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনে একজন প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন, যার ফলে দশমিনা ও গলাচিপায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে। বিএনপির নাম ভাঙিয়ে যারা পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
সংবাদ সম্মেলন শেষে হাসান মামুনের সমর্থকদের বিতর্কিত পথ পরিহার করে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিকদার, আমীন হাওলাদার, বাচ্চু সিকদার, মজিবর রহমান প্যাদা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন হাসান মামুন সমর্থিত অংশের নেতা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমরা বর্তমানে কোনো কমিটিতে বা ক্ষমতায় নেই। তাদের আনীত অভিযোগ ভিত্তিহীন; প্রকৃতপক্ষে তারাই সব সুবিধা ভাগবাটোয়ারা ও লুটপাট করছেন।”







