গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বোরাক ও মোটরসাইকেল সমিতির নেতাদের বিরুদ্ধে হয়রানি ও অবৈধ উচ্ছেদের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অটোরিকশাচালকরা খেয়াঘাট এলাকা থেকে যাত্রী পরিবহন করে পরিবার চালিয়ে আসছেন। তবে বুধবার সকালে মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের লোকজন হঠাৎ করেই তাদের খেয়াঘাট এলাকা থেকে জোরপূর্বক সরিয়ে দেয় এবং অবস্থান নিতে বাধা সৃষ্টি করে। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রিকশাচালকরা জানান, তারা ‘দিন এনে দিন খাওয়া’ মানুষ। কোনো প্রকার সংঘাত ছাড়া শান্তিপূূর্ণভাবে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান। খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনে বাধা দেওয়ায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে, যা তাদের পরিবারকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
এ বিষয়ে বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের পক্ষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। রিকশাচালকরা খেয়াঘাট এলাকায় নির্বিঘ্নে রিকশা চালানোর সুযোগ এবং সব ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের লিখিত আবেদনটি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







