পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা ২০ মিনিটে লোহালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লোহালিয়া ব্রিজের দক্ষিণ পাশের ঢালসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ মো. আবুল বসার (২৫) ও মো. তোফাজ্জেল ওরফে শাহিন বিশ্বাস (১৯)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল বসারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের পুকুরজানা এলাকায়। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার কাঠপট্টি এলাকায় জনৈক আবু গাজীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অপর গ্রেপ্তার তোফাজ্জেল ওরফে শাহিন বিশ্বাসের বাড়ি বড় বিঘাই ইউনিয়নের খাটাসিয়া বিশ্বাস বাড়ি এলাকায়। তিনিও বর্তমানে কাঠপট্টি এলাকায় আবু গাজীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







