কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে খতিয়ান মিউটেশন (নামজারি) জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রিন্স স্থানীয় এক দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন এবং তিনি পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘ম্যাকটেন হোল্ডিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে খাজুরা মৌজার ৭টি দলিলের মিউটেশন করার জন্য প্রিন্সের কাছে কাগজপত্র জমা দেন ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপ-পরিচালক শাম্মী আক্তার। সম্প্রতি প্রিন্স দুটি দলিলের মিউটেশন সম্পন্ন হয়েছে বলে কাগজপত্র হস্তান্তর করেন। তবে প্রতিষ্ঠানের এইচআর এডমিন নিবির জানান, কাগজপত্র দেওয়ার সময় প্রিন্স বিষয়টি আপাতত কোম্পানিকে জানাতে নিষেধ করেন। এতে তার সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে কাগজপত্রগুলো উপ-পরিচালককে হস্তান্তর করেন।
পরবর্তীতে শাম্মী আক্তার কিউআর কোড স্ক্যান করে দেখতে পান মিউটেশন দুটি সম্পূর্ণ ভুয়া এবং এতে সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষরের স্ক্যান কপি বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে রবিবার দুপুরে তিনি ভূমি অফিসে গিয়ে পুলিশকে জানান এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, এ ধরনের জালিয়াতি চক্রের প্রতারণার কারণে কুয়াকাটায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, এ পর্যন্ত তার নজরে অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে এবং সবগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অপকর্ম ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।







