ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট ও অনিয়মের অভিযোগের সুষ্ঠু সমাধান এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে পটুয়াখালী শাখার সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, পটুয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম বলেন, ‘‘ইসলামী ব্যাংককে বর্তমান সংকট থেকে মুক্ত করতে হলে একচ্ছত্র সিদ্ধান্তের অবসান ঘটাতে হবে। ব্যাংকের গতিশীলতা ফেরাতে সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।’’
মিছিল থেকে বক্তারা যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের শেয়ার ও মালিকানা সংক্রান্ত অভিযোগ তদন্ত, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পাচারকৃত অর্থ উদ্ধারের দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক মাসুদ, মো. জলিলুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো. সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. বাহাউদ্দিন এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা মো. শাহআলমসহ স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ ব্যক্তিবর্গ।







