দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী লিলেন সামগ্রী এবং ইপিআই ভ্যাকসিন ক্যারিয়ার আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পটুয়াখালী সিভিল সার্জনের নির্দেশে প্রকাশ্যে এসব মালামাল ধ্বংস করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ৩১ শয্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের খাল পাড়ে মালামালগুলো আগুনে পোড়ানো হয়। এসময় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী নিজে উপস্থিত থেকে মালামাল বিনষ্টকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ধবংসকৃত অব্যবহারযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে—৯০৫টি বিছানার চাদর, ১৮৪টি তোশক (মেট্রেস), ১৮৪টি তোশকের কভার, ২৮০টি মশারি, ৮৫টি কম্বল, ৩৫২টি বালিশ, ৩৩৩টি বালিশের কভার, ৪টি পর্দা এবং সরকারি টিকাদান কর্মসূচির (ইপিআই) ১০৭টি অব্যবহারযোগ্য ভ্যাকসিন কভার (বড় ৬০টি, মাঝারি ১৫টি ও ছোট ৩২টি)।
মালামাল ধ্বংসকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিএম এনামুল হক।







