কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক মরহুম রফিক বিশ্বাসের স্মরণে এক আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাব ভবনের ‘ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে’ এই স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক গোফরান বিশ্বাস পলাশ, জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক, হাফিজুর রহমান, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরিদ উদ্দীন বিপু, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, রফিকুল ইসলাম মিরাজ, আহমেদ তানভীর পাশা ও হুমায়ুন কবিরসহ অনেকে।
বক্তারা মরহুম রফিক বিশ্বাসের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। স্মরণসভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।







