গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা এবং আসন্ন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাটে যত্রতত্র অবৈধ স্থাপনা গড়ে পরিবেশ দূষণ বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ক্যাম্পাসের ভেতরে সন্ধ্যার পর জনসাধারণের অবাধ চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সময়ে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং তা বাস্তবায়নে প্রশাসন, মৎস্যজীবী ও বরফকল মালিকদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফা খান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. কাওসার, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন আর রশিদ এবং সাংবাদিক সোহাগ রহমান।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক-সাংবাদিক, ডিগ্রি কলেজের ছাত্র প্রতিনিধি এবং মৎস্যজীবী ও বরফকলের মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







