ড্রেজিং সমস্যা দূর করা সম্ভব হলে পায়রা বন্দরই হবে দেশের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী বন্দর—এমন আশা প্রকাশ করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘‘পায়রা বন্দর আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করলেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কিছু সংকটের কারণে এর অগ্রগতি কিছুটা ধীরগতির ছিল। তবে বর্তমানে বন্দরের নাব্যতার সমস্যা দূর করতে ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং এবং নিজস্ব ‘হপার ড্রেজার’ ক্রয়ের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।’’ খুব শিগগিরই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের অন্যান্য বন্দরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘চট্টগ্রাম বন্দরে তীব্র জাহাজজট ও ব্যস্ততা রয়েছে এবং মোংলা বন্দরেও নাব্যতার সংকট বিদ্যমান। সে তুলনায় পায়রা বন্দর ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় ও নিরাপদ। বর্তমান সরকার পায়রা বন্দরকে পুরোদমে কার্যকর করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।’’
টার্মিনাল পরিদর্শনের আগে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পায়রা বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন এবং বন্দরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল-ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারসহ বন্দরের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







