বাউফল প্রতিনিধি : পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর দাস (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাজারের পূর্ব পাশে মো. মোতাহার মীরের চায়ের দোকানের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কানাই দাস ও কৃষ্ণা রানী দাস (নিলিমা)-এর ছেলে অন্তর দাসকে গ্রেপ্তার করা হয়। সে বর্তমানে একই ইউনিয়নের নলখোলা বন্দরের জুয়েলারি পট্টি এলাকায় বসবাস করছিল।
গ্রেপ্তারকালে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







