গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পুলিশ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ জাফর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাফর হাওলাদার কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মো. মতলেব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা-পুলিশের একটি বিশেষ টিম কোটখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে পটুয়াখালী-গলাচিপা পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে জাফর হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, উদ্ধারকৃত মাদকের ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।







