পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ পূজা উদযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে পটুয়াখালীতে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, জেলা জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহআলম সিকদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাশ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার খাসকেল প্রমুখ।
সভায় রাজনৈতিক, সামাজিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের সর্বাত্মক প্রত্যয় ব্যক্ত করেন।







